
নিউজ ডেস্কঃ বহুল আলোচিত ভাসানচরে অবস্থানরত সাড়ে ১৮ হাজার রোহিঙ্গাকে মানবিক সহায়তায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে নৌ বাহিনীর জাহাজে করে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপি’র ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ৪ দিনের জন্য ভাসানচরে গেছেন। সোমবার (০১ নভেম্বর) সকালে নৌ বাহিনীর জাহাজ ডলফিনে তোলা হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থার ৪টি গাড়ি। এরপর একে একে জাহাজে উঠে আসেন ২১ জন কর্মকর্তা। এসময় নৌ বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
এবারই জাতিসংঘের এত বড় দল ভাসানচর সফর করছে। মূলত গত ৯ অক্টোবর বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআরের সম্পাদিত চুক্তির আলোকেই তাদের এই ভাসানচরে আসা। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ারুল কবীর বলেন, কি ধরনের সহায়তা করা দরকার এবং কিভাবে সেটা সফলভাবে সম্পন্ন করবেন তার একটা প্রাথমিক মূল্যায়ন করে যাবেন তারা। চট্টগ্রাম থেকে কিভাবে ভাসানচরে কার্যক্রম পরিচালনা করা যাবে তারও একটা মূল্যায়ন করে যাবেন।