
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুর রাজ্যে আসাম রাইফেলসের কমান্ডিং অফিসারকে লক্ষ্য করে হামলার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবারের (১৩ নভেম্বর) ওই হামলায় স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন কর্নেল বিপ্লব ত্রিপাঠী। তিনি আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। এ ঘটনায় চারজন জওয়ান নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
হামলার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে বলেন, ‘মণিপুরের চূড়াচন্দ্রপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসারসহ পাঁচজন বীর জওয়ান এবং কমান্ডিং অফিসারের পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেহিয়াং থানার সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গলঘেরা এলাকায় কর্নেল বিপ্লব ত্রিপাঠীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে জওয়ানরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।