
আন্তর্জাতিক ডেস্কঃগত দুই দশকে প্রায় তিনগুণ বেড়েছে বৈশ্বিক সম্পদের পরিমাণ। সম্পদ বাড়ার এ তালিকায় যুক্তরাষ্ট্রকে টপকে সবার উপরে চীন। এ কারণে দেশটি এখন বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। সম্প্রতি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি কর্পোরেশনের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ব্লুমবার্গের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিশ্বব্যাপী মোট যে আয় হয় তার ৬০ শতাংশ ১০টি দেশের দখলে। সেই ১০টি রাষ্ট্রের সম্পদের পরিমাণের ওপর গবেষণা চালিয়েছে পরামর্শক প্রতিষ্ঠানটি।
এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির অংশীদার জ্যান মিশকে বলেন, আমরা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ধনী। তাদের হিসাব অনুযায়ী ২০২০ সালে বিশ্বের মোট সম্পদ পৌঁছেছে ৫১৪ ট্রিলিয়ন ডলারে, ২০০০ সালেও যা ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার। এই সময় চীনের সম্পদের পরিমাণ সাত ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থাৎ এক তৃতীয়াংশই এসেছে চীনের হাত ধরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ২০২০ সালে মোট সম্পদের পরিমাণ ৯০ ট্রিলিয়ন ডলার, যা দ্বিগুণেরও বেশি। সম্পদ বৃদ্ধি পাওয়া শীর্ষ দশের বাকি দেশগুলো হলো- যথাক্রমে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো ও সুইডেন।