
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন করে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া।যুদ্ধজাহাজ থেকে জিরকন ক্ষেপণাস্ত্রটি আর্কটিক সাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে দাবি মস্কোর। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অ্যাডমিরাল গরশকভ রণতরী থেকে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতি সম্পন্ন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে রাশিয়া। কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই জিরকন ক্ষেপণাস্ত্রটি আর্কটিক সাগরে নিজেদেরই একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহাকাশে রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের তুমুল সমালোচনার মধ্যেই নতুন এই হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাল পুতিন সরকার। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার পাঠানো মিসাইলে স্যাটেলাইট বিস্ফোরিত হয়ে কয়েক লাখ অরবিটাল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা সদস্যদের হুমকিতে ফেলেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।