
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার সিদ্ধান্ত নিলে ‘রক্তাক্ত গণহত্যা’ হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাশিয়ানরাও কফিনে করে ফিরে যাবে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রত্যাশিত ভিডিও কনফারেন্সের আগে এসব কথা বলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মস্কোর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান রেজনিকভ।
সিএনএনকে তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনকে পরামর্শ দিয়ে আমি বলতে চাই—মি. পুতিনকে জানান যে, ক্রেমলিনের দিক থেকে কোনো লাল রেখা এখানে থাকা উচিত নয়। লাল রেখাটি এখানে ইউক্রেনে রয়েছে এবং সভ্য বিশ্ব বিনাদ্বিধায় প্রতিক্রিয়া জানাবে। ইউক্রেন সীমান্তে রুশ সেনা জড়ো করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।