
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়কে বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় বলে অভিহিত করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সাধারণ মানুষের ওপর নৃশংসতার বিরুদ্ধে লড়াই করে মানবতার প্রতি প্রতিশ্রুতি দেখিয়েছে ভারত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজনাথ সিং। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উদযাপনে ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে ‘সোনালি বিজয় পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরদের স্মরণ করেন। তিনি স্মরণ করেন জেনারেল (পরে ফিল্ড মার্শাল) স্যাম মানেকশ, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা (তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, ইস্টার্ন কমান্ড), লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব এবং এয়ার মার্শাল ইদ্রিস হাসান লতিফ প্রমুখ।