
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আকাশে ব্যাপক মাত্রায় ছাই ছড়িয়ে পড়ার পর সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এর ফলে শত শত উদ্ধারকর্মী ওই জায়গা থেকে সরে যান। জানা গেছে, উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাউন্ট সেমেরু থেকে নতুন করে ছাই বের হতে থাকে। সেইসব ছাই পাহাড়ের শিখর থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত ওপরে ওঠে।
সর্বশেষ অগ্ন্যুৎপাতের কারণে উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা স্থগিত করতে বাধ্য হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রামবাসীকেও আগেই সরিয়ে নেওয়া হয়েছে। মাউন্ট সেমেরু হলো জাভা দ্বীপের মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরি। গত ৪ ডিসেম্বর মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাত শুরু হয়। তখন এতে কমপক্ষে ৪৮ জন নিহত হন। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জনের মতো মানুষ।