
আন্তর্জাতিক ডেস্কঃজাপানের অন্যতম বাণিজ্যিক শহর ওসাকার পশ্চিমাঞ্চলের একটি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করছে দেশটির সম্প্রচার মাধ্যম এনএইচকে। শুক্রবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আটতলা ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন গুরুতর আহত হয়েছেন বলে এনএইচকে জানিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় একটি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। তার আগেই ভবনের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আগুনে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দমকল কর্মীরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভবনের একাংশে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হতো। স্থানীয় সময় সকাল ১০টায় হাসপাতাল খোলার পরই আগুন লাগার খবর পাওয়া যায়। তবে আগুনের লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।