
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৮৪ হাজার ৫৮৭ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪১ হাজার ৪৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দুই লাখ ১০ হাজার। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৪৭৭ জনে।
বুধবার (২২ ডিসেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া এসব তথ্য পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ৩৩৮ জন। মারা গেছেন এক হাজার ৮১১ জন। এ নিয়ে দেশটিতে পাঁচ কোটি ২২ লাখ ৫১ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ৩০ হাজার ৯৯০ জন।