
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র আইসোলেশনের নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে করোনায় আক্রান্ত হলে আর ১০ দিন আইসোলেশনে থাকতে হবে না। আক্রান্ত ব্যক্তিকে মাত্র পাঁচদিন আলাদা থাকতে হবে। এ নিয়ম চালু করার কারণ দেশটিতে আবারও সংক্রমণ বাড়ছে। মাত্র এক সপ্তাহ আগেও দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল গড়ে আড়াই লাখের মতো। এর পরের সাত দিনের পরিস্থিতি আরও ভয়ানক। দেশটিতে গড় দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছে। ফলে হাসপাতাল উপচে পড়ছে রোগীর ভিড়, শয্যা পাওয়া যাচ্ছে না অনেক হাসপাতালেই।
এরই মধ্যে করোনার অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন ইউরোপের বিভিন্ন দেশে মূল সংক্রামক স্ট্রেন হয়ে উঠেছে। কিন্তু আমেরিকায় ডেল্টা ও ওমিক্রন, দুই স্ট্রেনেই সংক্রমণ বাড়ছে। যাকে বলা হচ্ছে, ‘ডেলমিক্রন’। এর অর্থ কোনও এলাকায় একই সঙ্গে ডেল্টা ও ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি। দেশের শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি-ও চিন্তা প্রকাশ করে জানিয়েছেন, দু’টি স্ট্রেনেরই ক্ষমতা বৃদ্ধি ভয়ের। কারণ ওমিক্রনে বাড়াবাড়ি না-হলেও ডেল্টা সংক্রমণে গুরুতর অসুস্থতা ও প্রাণহানির ঘটনা ঘটছেই। টেক্সাসসহ আমেরিকার একাধিক প্রদেশে ন্যাশন্যাল গার্ডকে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলায়। চিকিৎসা সামগ্রী সরবরাহ ও অন্যান্য সমস্যায় সাহায্য করছে তারা।