
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ট্রাক চালকরা দ্বিতীয় দিনের মতো রাজধানী অটোয়ায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন। করোনা টিকাসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে ট্রাকচালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ করছেন। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ট্রাকচালক এবং অন্যান্য বিক্ষোভকারী শনিবার রাজধানী শহরে একত্রিত হয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের ম্যান্ডেট এবং অন্যান্য জনস্বাস্থ্যের অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায়। বিক্ষোভকারীদের মধ্যে বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুরাও ছিল। কানাডিয়ান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা আক্রমনাত্মক এবং অশ্লীলতাযুক্ত স্লোগান লেখা ফেস্টুন বহন করছিল। তীব্র ঠাণ্ডা থাকলেও শত শত বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কানাডার জাস্ট্রিন ট্রুডোর সরকার ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর ফলে যে ট্রাকচালকেরা টিকা নেননি, সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরলে প্রতিবারই তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।