
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ ৮ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ, বিরোধীদের দমন ও প্রহসনের বিচারে সহযোগী ভূমিকার কারণে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার পররাষ্ট্র দপ্তর সোমবার (৩১ জানুয়ারি) পৃথক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন—মিয়ানমারের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন ও, অ্যাটর্নি জেনারেল থিডা ও, দুর্নীতি দমন কমিশনের প্রধান টিন ও, প্রধান নির্বাচন কমিশনার থেইন সোয়ে, জান্তার সহযোগী ব্যবসায়ী ও শিল্পপতি তে যা, তার দুই ছেলে টু টেট তে যা এবং পি ফিয়ো তে যা এবং জান্তার আরেক সহযোগী ব্যবসায়ী জনাথন মিয়ো কিয়াউ থং। প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তর এবং জান্তার সহযোগী ব্যবসায়ী জনাথন মিয়ো কিয়াউ থংয়ের প্রতিষ্ঠান কে টি সার্ভিসেস অ্যান্ড লজিসটিকসকে (কেটিএসএল)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণায়ের বিবৃতিগুলোতে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমন্বিত ব্যবস্থা হিসেবে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওই ব্যক্তিরা রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে গণতন্ত্র ও মানবাধিকারকে অবমূল্যায়ন করেছেন।