
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ‘দ্য নাইস গাই‘ নামের একটি রেস্টুরেন্টের বাইরে গোলাগুলিতে চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চারজনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে। আহতদের বয়স যথাক্রমে ৬০, ২২, ২০ ও ১৯ বছর। তাদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, শনিবার (১২ ফেব্রুয়ারি) পপ সেনসেশন জাস্টিন বিবারের কনসার্টের পরে ওই রেস্টুরেন্টে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, র্যাপার কোডাক ব্ল্যাক রেস্টুরেন্টের বাইরে একদল লোকের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। এ সময় লাল ফেরারিতে আসা একদল যুবকের সঙ্গে ঝগড়া হয় কোডাকের। এরপরই গোলাগুলি শুরু হয়। বন্দুকধারীরা কোডাকের পরিচিত বলে জানা গেছে। পার্টিতে অতিথিদের মধ্যে ছিলেন জেফ বেজোস, তার বান্ধবী টিভি উপস্থাপক লরেন সানচেজ, অভিনেতা অ্যান্থনি রামোস, হেইলি বল্ডউইন, কোহল কার্দাশিয়ান, টবি ম্যাগুয়ারসহ অনেকে। তবে এমন কিছু ঘটতে চলেছে তা ক্ষুণাক্ষরেও ভাবেননি জাস্টিন বিবার।