
আন্তর্জাতিক ডেস্কঃরাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। মনে করা হচ্ছে রাশিয়া ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে। এজন্য ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী বুধবারকে (১৬ ফেব্রুয়ারি) ‘ঐক্য দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন । আজ মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে, রাশিয়ার সম্ভাব্য এই হামলার মুখে বুধবার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সংগীত গাইতে ইউক্রেনীয়দের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
দ্য হিল, মেট্রোর প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন- বুধবারই দেশে রুশ হামলা হবে এমন ধারণা করছেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে নির্দিষ্ট এই দিনটিতে হামলা হতে পারে বলে পশ্চিমা মিডিয়াগুলোর সংবাদের সমালোচনা করে ঐক্য দিবসের ঘোষণা দেন তিনি।সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘তারা বলছে, ১৬ ফেব্রুয়ারি হামলা হবে। আমরা এটিকে ঐক্যের দিন হিসেবে পালন করবো।’