
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে মহেশপুর উপজেলার গোপালপুর এলাকার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম। আটকরা হলেন- মো. রবিউল ইসলাম (২২), ময়না শেখ (২০), মো. আলফেজ (০২), সিন্দু মনি বিশ্বাস (৭০), প্রমিলা বিশ্বাস (৬৫), নুপুর মৈত্র (১৭), সমর বিশ্বাস (২২), রুবেল পার্থ (২৫), মো. ইলিয়াছ তালুকদার (২৫), বিধান মণ্ডল (১৭), মানিক চন্দ্র দাস (৪৮), শ্রী রতন সরকার (৫৪), বিল্পব চৌধুরী (৩৭), নীলু রাণী বাড়ইসহ (৫০) ১৫ জন।
বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার চেষ্টার করার সময় নারী ও শিশুসহ ওই ১৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১০ জন পুরুষ, দু’জন নারী ও তিনজন শিশু। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।