
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চল সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্টিরস্কি। তার সঙ্গে ছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএস’র একটি দল ও অন্য সাংবাদিকরা। স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) তারা যখন সীমান্তের কাছে পৌঁছান, তখনই মর্টার শেল বিস্ফোরণ হতে থাকে। সেখানে কয়েক’শ মিটারের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ‘অল্পের জন্য বেঁচে যান’ তারা। বিস্ফোরণে কেউ আহত হননি।
ওই এলাকা ছাড়ার আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেনিস মোনাস্টিরস্কি বলেন, রুশ সেনাবাহিনীর সদস্যরা ইউক্রেন সীমান্তের দিকে আগ্রসর হচ্ছেন। সেখানে আমাদের সৈন্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেকোনো পরিসিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রথমবার এভাবে বিস্ফোরণের মুখোমুখি হলেন। সীমান্তে গাড়িতে যাওয়ার সময় তিনি যতবার বিস্ফোরণের শব্দ পেয়েছেন, ততবারই সিটের ওপর মাথা নিচু করে আশ্রয় নেন।