
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দেবেন বলে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।
রুশ-সমর্থিত ইউক্রেনীয় বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ করছে। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সেখানে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের কারণে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। সীমান্তে চলমান যুদ্ধংদেহী পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনীয় বিদ্রোহীদের স্বাধীনতার স্বীকৃতি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেন সংকট প্রসঙ্গে কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেন লেনিনের সৃষ্টি। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতার নিন্দা করে তিনি আরও বলেন, ‘লেনিন ইউক্রেনের প্রণেতা ও স্থপতি। তিনি রাশিয়াকে অসুবিধাজনক অবস্থায় ফেলেছিলেন।’