
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর সাত বছরে প্রথমবারের মতো ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। একই কারণে বিশ্বব্যাপী শেয়ারের দর এবং সূচকের পতন অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে সোনার দামও। কয়েকদিন আগে শান্তি চুক্তি বাতিল করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় সেনা মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। তখন তেলের দাম ৯৮ ডলার হয়েছিল। এদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের খবরে সমস্ত শেয়ার বাজারে দরপতন হয়েছে। ইউরোপের সব বড় বড় স্টক মার্কেটে দিনের শুরুতেই দাম আড়াই থেকে চার শতাংশ পড়ে যায়। অন্যদিকে বেড়ে গেছে মার্কিন ডলার, সুইস ফ্রাঁর দাম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউরোপে আগাম কেনাবেচায় ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে উঠেছে। এটি ২০১৪ সালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। আবার এর মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১১ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া সোনার আউন্সপ্রতি দাম ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪২ ডলার ছাড়িয়ে গেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়বে—এমন আশঙ্কা এখন প্রবল।