
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ছয়টার কিছু আগে টেলিভিশনের পর্দায় হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি বলেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’ এরপরই কয়েকটি দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী।
ইউক্রেন বলছে, রুশ সেনাদের যানবাহন উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রিমিয়া ছাড়াও বেশ কয়েকটি অংশ হয়ে দেশটিতে প্রবেশ করেছে। এছাড়া পূর্বাঞ্চলের খারকিভ এবং লুহানস্ক অঞ্চল দিয়ে রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশ করেছে। তবে চলমান এই আগ্রাসনের মধ্যে হতাশাজনক বার্তা দিলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেন, ইউক্রেনে কোনো সেনা পাঠানো হবে না। এছাড়া দেশটিতে ন্যাটো সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ও উদ্দেশ্য তাদের নেই। এদিন ব্রাসেলসে জোটের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।