
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে রাশিয়ার সেনাবাহিনী এখন উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে দেশটিকে ঢুকছে। তারা এখন কিয়েভের একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে দ্বিতীয় দিনের মতো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। গত কয়েক দশকের মধ্যে ইউরোপের এটি সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে করা হচ্ছে। এখন পুরো ইউক্রেন জুড়ে যুদ্ধ শুরু হয়েছে। বিশেষ করে পূর্ব ইউক্রেনের খারকিভে বড় যুদ্ধ হচ্ছে। এছাড়া উত্তর ইউক্রেনে, দক্ষিণের ওডেসায় লড়াই চলছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করা হয়েছে। অপরদিকে ইউক্রেনের বড় বড় অনেক শহর এবং সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাশকতাকারীরা কিয়েভে প্রবেশ করেছে। রাশিয়ার হামলায় সামরিক-বেসামরিক মিলিয়ে ১৩৭ জন নিহত হয়েছেন।