
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের নানা পদক্ষেপের উত্তরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার এই উদ্যোগ নিল।
রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত বা নিবন্ধিত সংস্থার মালিকানাধীন, ইজারা দেওয়া বা পরিচালিত বিমানের ফ্লাইট রাশিয়ার আকাশসীমা আর ব্যবহার করতে পারবে না। ইউক্রেনে রুশ অভিযান শুরুর কিছুক্ষণ পর থেকেই পশ্চিমা দেশগুলোর নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
যুক্তরাজ্যও পাঁচটি রাশিয়ান ব্যাংকের সম্পদ জব্দ করেছে এবং সেসব ব্যাংককে যুক্তরাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দিয়েছে। এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। শুক্রবার ইউক্রেনের এক কর্মকর্তারা এ তথ্য জানান। তবে ইউক্রেন সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।