
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক ঘণ্টার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। ইইউ সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার জারি করা নিষেধাজ্ঞার আওতায় ইউরোপে থাকা দুই রুশ নেতার সম্পত্তি জব্দ করা হবে। তবে ইউরোপে রুশ নেতাদের উল্লেখযোগ্য কোন সম্পদ নেই। তবুও ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সংকেত। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
রয়টার্স জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পুতিন ও তার শীর্ষ কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার ইইউ দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করলো। এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অভিজাতদের আঘাত ও ব্যাংকিং ব্যবস্থার ৭০ শতাংশ কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইইউর বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক জানান, আমরা এখন নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে অন্তর্ভুক্ত করেছি। ইউক্রেনে নিষ্পাপ মানুষের মৃত্যুর জন্য তারা দায়ী। ইউরোপীয় হিসেবে আমরা এটি মেনে নিতে পারি না।