
আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। তারা শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে। সেখানে তাদের সঙ্গে এখন ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণের মেলিটোপল দখল করে নেওয়ার পর এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ান সেনাবাহিনী, বলছে সেখানকার কর্তৃপক্ষ। রাতভর মিসাইল হামলার পর রাশিয়ান বাহিনী শহরটিতে প্রবেশ করল। শহরটিতে মিসাইল হামলায় একটি ৯ তলা আবাসিক ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে সেখানকার জরুরি বিভাগ। ভবনটির বেজমেন্টে আশ্রয় নেওয়ার কারণে ৬০ জনের মতো বাসিন্দার প্রাণ রক্ষা হয়েছে। তবে বয়স্ক একজন নারী মারা গেছেন।
ইউক্রেনে আগ্রাসন চালানো রুশ সেনাদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি ভিডিও ভাষণে বিশেষ বাহিনীর সদস্যদের কার্যক্রম নিয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন বলে জানায় বিবিসি। ইউক্রেনে ‘বীরত্বের সঙ্গে সামরিক দায়িত্ব পালন’ করার জন্য বিশেষ বাহিনীর সেনাদের ধন্যবাদ জানিয়েছে পুতিন বলেন, ‘আমি আপনাদের সৌভাগ্য ও সাফল্য কামনা করি’।