
আন্তর্জাতিক ডেস্কঃ সাত দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এর মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের নিয়ন্ত্রণ নিলো রাশিয়ার সেনারা। বুধবার (০২ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে খারসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্যের বরাতে বলা হয়, শহরে লড়াইয়ে ২০০ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। খারসনে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। ইতোমধ্যে শহরের মেয়র কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন। খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন তারা। একইসঙ্গে রয়েছে আহত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুরোধও।
এর আগে বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ইউক্রেনের আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ রাশিয়া। তবে বর্তমানে রাজধানী কিয়েভ দখলে রুশ সেনাদের ৪০ মাইল দীর্ঘ একটি বহর এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পরেছে।