
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া এখন যেমন ইউক্রেনে হামলা চালাচ্ছে, ঠিক সেভাবে চীনও আক্রমণ করবে তাইওয়ানকে। খুব শীঘ্রই সেই যুদ্ধ বাধতে চলেছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে এ মন্তব্য ট্রাম্পের। একইসঙ্গে তার ভবিষ্যদ্বাণী, ইউক্রেনে যেমন বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও বাঁচাতে ব্যর্থ হবে তারা। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক সপ্তাহ সম্পূর্ণ হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনীর ক্রমাগত প্রতিরোধে এখনও রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া। আর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে সাহায্য না করলেও ইউক্রেনের জন্য অস্ত্রশস্ত্রের পাশাপাশি আর্থিক সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে বর্তমান বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, শি (চিনফিং) এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ দেখে মজা নিচ্ছেন আর ভাবছেন যুক্তরাষ্ট্র কী বোকা। আমি নিশ্চিত এ সব দেখে তাইওয়ানে হামলার পরিকল্পনা করছে তারা।