
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিল রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে, সেজন্যই তারা এমন ঘোষণা দেয়। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই মারিওপোল শহরে রুশ সেনারা গোলাবর্ষণ করছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। শহরটির ডেপুটি মেয়র বিবিসিকে জানিয়েছেন, মারিওপোলের ওপর এখনো রুশ সেনাদের গোলাবর্ষণ চলছে। তারা বলছে, যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রুশ পক্ষ তা পালন করছে না। তাই বাসিন্দাদের বলা হয়েছে, শহরের মধ্যে ছড়িয়ে পড়তে এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে। কেননা বেসামরিক লোকজনকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে, তার শেষভাগে এখনো লড়াই চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর মারিওপোল শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। কিন্তু রুশ সেনাদের হামলার কারণে সেই কাজ বন্ধ করতে হয়েছে। মারিওপোলের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শহর থেকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে ইউক্রেনের স্থানীয় সময় সকাল ৯টায় বাসে করে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। একইসঙ্গে পরবর্তী সাত ঘণ্টা যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়।