
আন্তর্জাতিক ডেস্ক: বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। যুদ্ধবিরতি সত্ত্বেও মারিওপোলে রাশিয়া গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন শহরটির ডেপুটি মেয়র।তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্টো দাবি করেছে। রাশিয়ার রিয়া নিউজ এজেন্সি বলেছে, ইউক্রেনীয় ‘জাতীয়তাবাদীরা’ বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যেতে বাধা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান বাহিনী বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার জন্য ‘মানবিক করিডর’ স্থাপন করার পরে আগুনের মুখে পড়েছে।
এর আগে মারিওপোলের ডেপুটি মেয়র বিবিসিকে বলেছেন, মারিওপোলের ওপর এখনো রুশ সেনাদের গোলাবর্ষণ চলছে। যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রুশ পক্ষ তা পালন করছে না।তাই বাসিন্দাদের বলা হয়েছে, শহরের মধ্যে ছড়িয়ে পড়তে এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে। কেননা বেসামরিক লোকজনকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে, তার শেষভাগে এখনো লড়াই চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে।