
আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার ১০ দিনের সামরিক অভিযানে ইউক্রেনের শহর খারকিভ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘনবসতিপূর্ণ এই শহরে নির্বিচারে ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা বর্ষণে হতাহত হয়েছেন অনেকে। সেই তালিকায় রয়েছে শিশুরাও। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে ব্যাহত হয়ে পড়েছিল দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা। শুক্রবার (০৪ মার্চ) রাতে যুদ্ধ পরিস্থিতিতে খারকিভের সেই আহত এবং কঠিন রোগে আক্রান্ত শিশুদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। বিশেষ মেডিক্যাল ট্রেনে ১২ জন শিশু এবং তাদের অভিভাবকদের নেওয়া হয় পোল্যান্ড সীমান্তে। এজন্য একটি সাধারণ ট্রেনে আপদকালীন চিকিৎসার কিছু ব্যবস্থাও রাখা হয়েছিল। ট্রেনটিতে যাত্রী হিসেবে ছিলেন খারকিভের বিশিষ্ট শিশুচিকিৎসক ইউজেনিয়া সুজকিউইচসহ আরো কয়েকজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী।
ইউক্রেন সরকার সূত্র জানিয়েছে, ওই শিশুদের চিকিৎসার জন্য পোল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলারুশ সীমান্তে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিস্তরের শান্তি বৈঠকে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তারই ভিত্তিতে শুরু হয় অসুস্থ এবং আহত শিশুদের খারকিভ থেকে সরানোর উদ্যোগ।