
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুদ্ধরাষ্ট্র। বুধবার (৯ মার্চ) এ তথ্য জানায় হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে কোনো দিনই জয় পাবেন না। ইউক্রেনে অভিযান ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা।
কিন্তু এতে পুতিনের আগ্রাসন ঠেকানো যায়নি। শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্সসহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। এবার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নতুন সংযোজন রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ। বুধবার হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিতই ছিল। বুধবার তার আনুষ্ঠানিক ঘোষণা হলো মাত্র।