
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসনের মধ্যেই কৃষ্ণসাগরে প্রায় ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া। এটা চলতে থাকলে বিশ্বের বহু দেশে শুরু হবে খাদ্যসংকট। তবে এই অভিযোগ ইউক্রেনের দিকে ঘুরিয়ে দিয়ে রাশিয়া বলছে, ইউক্রেনের নৌবাহিনী সমুদ্রে মাইন বিছিয়ে রেখেছে। জাহাজ চলাচল করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণেই তারা জাহাজগুলো আটকে রেখেছে। জার্মানির সবচেয়ে বড় কৃষিপণ্যের ব্যবসায়ী সংস্থা বেওয়া জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনের বন্দর থেকে এক বিন্দু দানাশস্যও রপ্তানি করা যায়নি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ইউরোপজুড়ে খাদ্যসংকট শুরু হতে পারে। ইতোমধ্যেই খাবারের দাম বাড়তে শুরু করেছে। ইউরোপের একটি বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়া দানাশস্য এবং সার রপ্তানি করে। বিশেষজ্ঞদের বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা জারি করায় রাশিয়া এবার তা রপ্তানি নাও করতে পারে। সেক্ষেত্রে খাদ্যসংকট আরও তীব্র হবে।