
আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনের কাছে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে ইসরায়েলের অনীহা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২০ মার্চ) ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভার্চ্যুয়ালি ভাষণে তিনি এ প্রশ্ন তোলেন। আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, প্রত্যেকে জানেন, আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন। ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ক্রেমলিনের মুখের ভাষা শুনুন। তারা নাৎসিদের পরিভাষা ব্যবহার করছে। ইহুদি প্রশ্নে চূড়ান্ত সমাধানের কথা আপনাদের ভালোই স্মরণ আছে। মস্কো এখন কী বলছে শুনুন। চূড়ান্ত সমাধানে এখন সেসব পরিভাষা আবার ব্যবহার করা হচ্ছে। তবে সেটা এখন আমাদের লক্ষ্য করে ইউক্রেন বিষয়ে। তারা দাপ্তরিক ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ্যে এ কথা বলছে। তিনি উল্লেখ করেন, ১৯২০ সালের ২৪ ফেব্রুয়ারি যেদিন নাৎসি পার্টির যাত্রা ঘোষণা করেন অ্যাডলফ হিটলার, ১০২ বছর পর সেদিনেই ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া।