
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে বৈঠকে অংশ নিতে চার দিনের সফরে ইউপোরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের প্রথম দিন বেলজিয়ামের ব্রাসেলসে যান তিনি। সেখানে বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন। ব্রাসেলস থেকে পোল্যান্ডে উড়াল দিয়েছেন জো বাইডেন। শুক্রবার (২৫ মার্চ) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের রজেসজো শহরে যাচ্ছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান দিয়ে সরাসরি সেখানে গিয়ে নামবেন বাইডেন। কথা বলতে পারেন শরণার্থীদের সঙ্গে। ইউক্রেন থেকে ২০ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে গেছে। তাদের মধ্যে প্রায় তিন লাখ মানুষ পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে রয়েছে। সেখানে মার্কিন বিমানবাহিনীর ইউএস-৮ সদস্যদের সঙ্গে দেখা করবেন বাইডেন। ইউক্রেনের ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়েও তিনি ব্রিফিং করবেন। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে শুক্রবার পোল্যান্ড সফর করবেন বাইডেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে তিনি ইউক্রেনে যাবেন না।
সূত্রঃ বিবিসি