
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া, তাতে যোগ দেবে না তুরস্ক। সম্প্রতি ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তুরস্কের সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমরা জাতিসংঘের কিছু নির্দেশিকা অধ্যয়ন করছি। কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে একপাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন, আমি আগেও এ বিষয় পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে। তিনি আরও বলেন, আমরা আমাদের পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছি রাশিয়ার সহযোগিতায়। আমরা বিষয়টি উপেক্ষা করতে পারি না। আমি যখন বিষয়টি ইমানুয়েল ম্যাক্রোঁকে বললাম, তখন তিনি বললেন আমার সিদ্ধান্ত ঠিক আছে। আমি আমার জনগণকে ঠাণ্ডায় জমে যেতে দিতে পারি না।