
আন্তর্জাতিক ডেস্কঃশুক্রবার মারিওপোল থেকে ৩ হাজারের বেশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকালে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। শনিবার (২ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। জেলেনস্কি বলেন, মানবিক করিডোর- ডোনেস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া দিয়ে এসব বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়েছে।এছাড়া অবরুদ্ধ মারিওপোল থেকে বাস্তুচ্যুত ৬ হাজার মানুষের মধ্যে প্রায় অর্ধেক পালিয়ে গেছে। তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় আমরা (রাশিয়া-ইউক্রেন) পৃথকভাবে শহর থেকে আহত ও নিহতদের অপসারণের বিষয়ে একমত হয়েছি।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ানরা ইউক্রেনের শহরে বেশি দিন টিকবে না। তাই যারা তাদের সহযোগিতা করছেন, তাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য চূড়ান্ত ভাবে সতর্ক করা হচ্ছে। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। নিহত হয়েছেন অসংখ্য মানুষ।