
আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানে ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনের (পিইসিএ) ২০১৬ অধ্যাদেশকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। শুক্রবার (০৮ এপ্রিল) ফেডারেল সরকারকে আইনের অপব্যবহারের তদন্ত করে ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিন পিইসিএ অধ্যাদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি করেন হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (পিএফইউজে) এই আবেদন করে।
গত ফেব্রুয়ারিতে পিইসিএ আইন সংশোধনের জন্য একটি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। সরকার তখন ‘ভুয়া খবর’ বন্ধে পদক্ষেপ নিচ্ছিল। তবে সাংবাদিক ও বিশেষজ্ঞদের মতে, সরকারের ওই পদক্ষেপের উদ্দেশ্য ছিল সামাজিক মাধ্যমে ভিন্নমতকে চুপ করিয়ে দেওয়া এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। দেশব্যাপী বিক্ষোভের পর মিডিয়া সংস্থাগুলো আইনটিকে চ্যালেঞ্জ করে। সাংবাদিক সমিতিগুলো, বিশেষ করে পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ), অল পাকিস্তান নিউজপেপারস সোসাইটি (এপিএনএস), কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই), অ্যাসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া এডিটরস অ্যান্ড নিউজ ডিরেক্টরস (এইএমইএনডি) এবং দেশের কয়েকজন জ্যৈষ্ঠ সাংবাদিক আইনজীবী মুনির এ মালিকের মাধ্যমে এই চ্যালেঞ্জ করেন।