
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রিকেটার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের ভাগ্য নির্ধারণে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন দীর্ঘ সময় ধরে মুলতবি থাকার পর স্থানীয় সময় দুপুর আড়াইটায় আবার শুরু হয়েছে। এর আগে শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শরুর হওয়া সংসদের অধিবেশন বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। তবে বিরোধী দল ও সরকারি সদস্যরা একটি বৈঠকে বসার কারণে পুনরায় তা শুরু হতে কিছুটা বিলম্ব হয়।
দেশটির প্রভাবশালী ইংরেজি পত্রিকা দ্য ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি এ দিনের আলোচ্যসূচিতে চতুর্থ স্থানে রয়েছে। তবে বিরোধীরা যখন তার বিরুদ্ধে একাট্টা, তখন ট্রেজারি বেঞ্চে খুব কম সদস্যই জাতীয় পরিষদে উপস্থিত রয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী ইমরান খানও উপস্থিত নেই। সংসদের সূত্রের বরাত দিয়ে দেশটির জিও নিউজ জানিয়েছে, অধিবেশন দেরিতে শুরু হওয়ায় ইফতারের পর রাত ৮টার দিকে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে। জিও নিউজ আরও জানায়, অধিবেশন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে এবং ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মন্ত্রীরা তাদের বক্তৃতা দীর্ঘ করার চেষ্টা করছেন।ড