
আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের ক্রিকেটের সাবেক অধিনায়ক অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোয় পদটিতে আসীন হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। তিনি পাকিস্তান পার্লামেন্টের বিরোধী জোটের নেতা ও পাকিস্তান মুসলিম লীগ-পিএমএল (এন) সভাপতি। শনিবার (০৯ এপ্রিল) দিনগত গভীর রাত অর্থাৎ ১০ এপ্রিল ইমরান খানের ওপর আনা অনাস্থা ভোটে জিতে যায় পিএমএল (এন) নেতৃত্বাধীন বিরোধী জোট।
স্পিকারের পদত্যাগের পর প্যানেল স্পিকার পিএমএল (এন) নেতা আয়াজ সাদিক পরিচালনা করেন পুরো প্রক্রিয়া। এতে জাতীয় পরিষদের ৩৪২ ভোটের মধ্যে ১৭৪টি ভোট, অনাস্থা ভোটের পক্ষে পড়ে বলে ঘোষণা দেন আয়াজ। পাকিস্তান মুসলিম লিগের (এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, অধিবেশন পরিচালনা করায় আয়াজ তার ভোট দেননি। এছাড়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ‘ভিন্নমত’ ভোট গ্রহণেরও প্রয়োজন পড়েনি। ফলাফল ঘোষণার পর আয়াজ শেহবাজ শরীফের হাতে ফ্লোর ছেড়ে দেন, যিনি প্রধানমন্ত্রী পদের জন্য বিরোধী জোটের প্রার্থী।