
আন্তর্জাতিক ডেস্কঃঅনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পার্লামেন্ট সদস্যরা (এমপি) দল বেঁধে আজ সোমবার (১১ এপ্রিল) পদত্যাগ করবেন। খবর ডনের। রোববার (১০ এপ্রিল) পিটিআইয়ের সিনিয়র নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী জানান, আজ সোমবার পিটিআইয়ের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা (এমপি) দল বেঁধে পদত্যাগ করবেন। সাবেক তথ্যমন্ত্রী ফুয়াদ আরও বলেন, নতুন প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রতিবাদে পিটিআই সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ফুয়াদ বলেন, ইমরান খানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কোর এক্সিকিউটিভ কমিটির (সিইসি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং একযোগে পদত্যাগের সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, ইমরান খানের কাছে সিইসির সুপারিশ ছিল-ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হওয়ার পরপরই সদস্যদের একযোগে পদত্যাগ করা উচিত। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পিটিআইয়ের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও উপস্থিত ছিলেন। এদিকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে স্থানীয় সময় সোমবার (১১ এপ্রিল) ২টায় (বাংলাদেশ সময় ৩টা) পার্লামেন্ট অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে আজই জানা যাবে কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।