
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বিসমিল্লাহ হাবিব রয়টার্সকে এ তথ্য জানান। বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ২টা নাগাদ পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এই হামলা ঘটেছে। কাবুলের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি।
স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেন, রমজানের শেষ জুমার দিনে শত শত মুসল্লি নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবান নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাফি তাকোর এ বিস্ফোরণের বিস্তারিত কিছু জানায়নি। তালেবানের নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের স্থান ঘিরে রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিস্ফোরণের সূত্র তাৎক্ষণিক জানা যায়নি, একই সঙ্গে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মসজিদের ভেতরে থাকা এক মুসল্লি রয়টার্সকে বলেন, নামাজের সময় ভয়াভয় বিস্ফোরণ ঘটে। এতে তার পা ও হাত পুড়ে গেছে।