
আন্তর্জাতিক ডেস্ক: কিউবার রাজধানী হাভানার হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ৬০ জন। শনিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। এতে বলা হয়, শুক্রবার দেশটির ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেলটি কিউবা সরকারের পুরোনো কংগ্রেস ভবনের বিপরীতে অবস্থিত। বিবিসি প্রতিবেদনে জানায়, হোটেলটির বাহিরে থেমে থাকা একটি গ্যাস ট্যাংকার হঠাৎ জ্বলে ওঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে আগামী চার দিনের মাথায় এটি পুনরায় চালু করার কথা ছিল। এ বিস্ফোরণের ফলে আপাত হোটেলটি চালু করা যাচ্ছে না বলেই ধরা হচ্ছে। কারণ বিস্ফোরণের ফলে এর বাইরের দেয়ালের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়েছে। এদিকে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।