
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভকে লক্ষ্য করে লাল রঙ ছুড়ে মেরেছে একদল বিক্ষোভকারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপনের আয়োজনে এ ঘটনা ঘটে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সোভিয়েত সেনাদের সমাধিতে পুষ্পস্তপক অর্পণের সময় রাশিয়ার রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল রঙ ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। এক ভিডিওতে দেখা গেছে, রুশ রাষ্ট্রদূত ও কয়েকজন পথচারীর মুখে ও শরীরে লাল রঙ ছিটানো।
আন্দ্রেয়েভের মুখ লাল রঙে ঢেকে গেছে এবং তিনি চোখ-মুখ মোছার চেষ্টা করছেন। বিক্ষোভকারীরা রাষ্ট্রদূত ও অন্যদের কবরস্থানে ফুল দিতে বাধা দেন। এ সময় বিক্ষোভকারীরা ইউক্রেনের পতাকা বহন করছিলেন। তারা ‘ফ্যাসিবাদী’, ‘খুনি’ বলে স্লোগান দেন। পরে রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা প্রতিনিধিরা পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।
সূত্রঃ আল জাজিরা