
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে তিন হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সারে চার হাজারেরও বেশি মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। বলা হয়, ওএইচসিএইচআর জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩ হাজার ৭৫২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে ৪ হাজার ৬২ জন। নথিভুক্ত অধিকাংশ বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে। সংঘর্ষে বেসামরিক মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান আরও বেশি বলে বিশ্বাস করে করে ওএইচসিএইচআর। এদিকে, আজভ সাগরের উত্তর উপকূলে ইউক্রেনের শহর মারিওপোল দখলে নিয়েছে রুশ সেনারা। রাশিয়া জানিয়েছে, দখলে নেওয়ার পর ইউক্রেনের প্রায় ১ হাজার সেনা আত্মসমর্পণ করেছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, কৌশলগত বন্দর নগরীতে যুদ্ধ শেষ হয়ে গেছে। ইউক্রেনে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শহরটি প্রতিরক্ষাকারীরা পরিত্যাগ করেছে।