
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশগুলোর প্রতি রাশিয়ার ক্রমবর্ধন হমকির প্রেক্ষাপটে ইউরোপে ১ লাখ সেনা মোতায়েনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। ধারণা করা হচ্ছে সুইডেন-ফিনল্যান্ডসহ ন্যাটোর সদস্য দেশগুলোকে রক্ষা করতেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, ন্যাটো যদি এই অঞ্চলে আরও সামরিক মহড়া চালায় তবে ইউরোপের মার্কিন সেনা সংখ্যা সাময়িকভাবে আরও বাড়তে পারে। এছাড়া নিরাপত্তা পরিবেশের অবনতি হলে ইউরোপে অতিরিক্ত ঘাঁটি স্থাপন করতে পারে যুক্তরাষ্ট্র।
তারা জানান, বৃহস্পতিবার (১৯ মে) ব্রাসেলসে ন্যাটোর সামরিক প্রধানদের বৈঠকের পর এসব পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। ওই বৈঠকে ন্যাটো জোটের সেনা কর্মকর্তারা জুনে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের সুপারিশ করছেন। এছাড়া জুন মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ন্যাটো নেতাদের মাদ্রিদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।