
আন্তর্জাতিক ডেস্ক: পরিকল্পনা ছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী সেজে যাত্রীবাহি গাড়িতে করে ভিনরাজ্যে গাঁজা পাচার করবেন। মাদক কারবারির সে পরিকল্পনা ভণ্ডুল হলো মোটরকর্মীদের তৎপরতায়। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাস টার্মিনালে অন্যান্য দিনের মতো রোববার (৫ জুন) প্রচুর লোক সমাগম হয়।
অন্যান্য যাত্রীর সঙ্গে এক যুবক আগরতলা থেকে গৌহাটিগামী দূরপাল্লার বাসের টিকিট নিতে কাউন্টারে আসে। ওই যুবকের গতিবিধি দেখে কাউন্টারে থাকা মোটরকর্মীদের সন্দেহ হয়। তখন তারা যুবকের কাঁধে থাকা দুটি ব্যাগ খুলে দেখেন। ব্যাগের চেইন খুলতেই দেখা যায় ব্যাগ দুটিতে গাঁজার প্যাকেট রয়েছে। তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় পরে পূর্ব আগরতলা থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু দাসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে যুবককে থানায় নিয়ে আসে। আটক যুবকের দুটি ব্যাগ থেকে মোট ১১প্যাকেট গাজা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ কেজি গাঁজা হতে পারে, যার বাজারমূল্য প্রায় এক লাখ রুপি বলে জানিয়েছেন বিষ্ণু দাস।