
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে যে, তিনি 'অভ্যুত্থান চেষ্টা' করেছেন। এরই অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গা সংগঠিত করেছিলেন ট্রাম্প। শুক্রবার (১০ জুন) এ খবর দিয়েছে বিবিসি বাংলা। কমিটির রিপাবলিকান দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ওই হামলার ঘটনায় ‘আগুনে ঘি ঢেলেছিলেন’। অন্যদিকে ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে সংকটাপন্ন করে তুলেছিল।
২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালিয়েছিলো ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। প্রায় এক বছর তদন্তের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম শুরু করে। শুরুতেই ট্রাম্পের ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের সাক্ষাতকারের ভিডিও ক্লিপ দেখানো হয় সেখানে। কমিটির সামনে সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বার যে সাক্ষ্য দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে নির্বাচনে কারচুপির যে অভিযোগ ট্রাম্প করেছিলেন, তা ভিত্তিহীন।