News71.com
 International
 15 Jun 22, 09:48 PM
 1223           
 0
 15 Jun 22, 09:48 PM

আমদানি খরচ কমাতে চা পানে লাগাম টানতে অনুরোধ পাকিস্তানি মন্ত্রীর॥ সমালোচনার ঝড়

আমদানি খরচ কমাতে চা পানে লাগাম টানতে অনুরোধ পাকিস্তানি মন্ত্রীর॥ সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্কঃ কোনদিকে যাচ্ছে পাকিস্তান ? দেশটির আভ্যন্তরিন অর্থব্যবস্থা সচল রাখতে ও আমদানি খাতে খরচ কমাতে এক অভিনব দাওয়াই দিলেন পাকিস্তানের শাহবাজ সরকারের মন্ত্রী এহসান ইকবাল। দেশবাসীর কাছে তাঁর আর্জি, প্রতি দিন দু’এক কাপ কম চা-পান করুন। যদিও নেটমাধ্যমে এ নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের ঝড় উঠেছে। ইকবালের দাওয়াইয়ে পাকিস্তানের আমজনতার একাংশ যে তুষ্ট নন, তা বোঝা গিয়েছে অনেকের মন্তব্যে। তাঁদের প্রশ্ন, ‘মন্ত্রীমশাই কি আমাদের এতই নির্বোধ মনে করেন?’

গতকাল মঙ্গলবার দেশবাসীর কাছে এই অভিনব আবেদন করেছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রকের মন্ত্রী ইকবাল। ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘‘দেশবাসীর কাছে আবেদন, প্রতি দিন ১-২ কাপ কম চা-পান করুন। কারণ ঋণ নিয়ে চা আমদানি করতে হচ্ছে আমাদের।’’ ইকবাল জানিয়েছেন, গোটা বিশ্বের মধ্যে পাকিস্তানেই সবচেয়ে বেশি চা পান করা হয়। আমজনতার এই অভ্যাস বজায় রাখতেও যে পাক সরকারের ঋণের বোঝা বাড়ছে, সে দাবি করেছেন মন্ত্রী। চা পানে লাগাম ট্যানার পাশাপাশি বিদ্যুৎ খরচ বাঁচাতে প্রতি দিন সাড়ে ৮টার মধ্যে দোকান-বাজার বন্ধ রাখার অনুরোধও করেছেন ইকবাল।

পাক সংবাদমাধ্যমের দাবি, বাজেট নথির পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে যে ২০২১-’২২ সালে আট হাজার ৩৯০ কোটি টাকা মূল্যের চা পান করেছেন দেশবাসী। যার মধ্যে এক হাজার ৩০০ কোটি টাকার চা আমদানি করতে হয়েছে। ইকবালের দাবি, আমজনতার চা-পানের অভ্যাস কমাতে না পারলে শীঘ্রই এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। সম্প্রতি একই সুর শোনা গিয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইলের কণ্ঠে। তাঁর দাবি, শীঘ্রই কড়া পদক্ষেপ না করলে শ্রীলঙ্কার মতোই বিদেশি ঋণভারে জর্জরিত হতে পারে পাকিস্তান।

মন্ত্রীর আবেদনে যে চিঁড়ে ভেজেনি, তা বোঝা গিয়েছে নেট ব্যবহারকারীদের কটাক্ষে। টুইটারে এক জন লিখেছেন, ‘এহসান ইকবাল কি সত্যিই দেশবাসীকে কম করে চা-পান করতে বলেছেন? ওঁরা কি সত্যিই আমাদের এতই নির্বোধ মনে করেন?’ অন্য এক জনের সাফ কথা, ‘দুঃখিত এহসান ইকবাল, এই আবেদনে সাড়া দিতে পারছি না!’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন