
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশারফ কি মৃত? দেশটির প্রাক্তন এই সেনাশাসকের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে। জানাগেছে গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তিনি। শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সংবাদমাধ্যমের একাংশে মুশারফের মৃত্যুর খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে পাকিস্তানে। যদিও সেই খবরের সত্যতা স্বীকার করেনি পাক প্রশাসন। এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরও দাবি এই খবর সত্যি নয়। এটা ঘটনা, বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ের এক মার্কিন হাসপাতালে চিকিৎসাধীন মুশারফ। কিন্তু শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। শেষ পাওয়া খবরের মতে, দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন মুশারফের পরিবারের লোকজন। ১৯৯৯ সালে নওয়াজ শরিফ সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন পাক সেনার তৎকালীন প্রধান মুশারফ। ২০০৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
১৯৪৩ সালে মুশারফের জন্ম দিল্লিতে। করাচি ও তুরস্কের ইস্তানবুলে শৈশব কাটে প্রাক্তন পাক প্রেসিডেন্টের। লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজে মুশারফ গণিত নিয়ে ভর্তি হলেও পরিবারের অমতে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেন ১৯৬১ সালে। ১৯৬৫ সালের পাক–ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। নব্বইয়ের দশকে মেজর–জেনারেল মুশারফ একটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্ব এবং পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো বাহিনী ‘স্পেশাল সার্ভিসেস গ্রুপ’ এর প্রধান হন। তিনি পরে সেনাবাহিনীর সদর দপ্তরে ডেপুটি মিলিটারি সেক্রেটারি এবং ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেট ছিলেন।
১৯৯৮ সালের অক্টোবর মাসে পারভেজ মুশারফের পদবী লেফটেন্যান্ট–জেনারেল থেকে পূর্ণ জেনারেল পদবীতে উন্নীত করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পূর্ণ জেনারেল হিসেবে পারভেজ সেনাবাহিনী প্রধান এবং চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির দায়িত্ব পেয়েছিলেন। সেনাপ্রধান হিসেবে ১৯৯৯ সালে ভারতে হামলার মূল পরিকল্পনা তাঁরই ছিল। পরে নওয়াজ শরিফকে সরিয়ে ক্ষমতা দখল করেন কার্গিল যুদ্ধের কারিগর মুশারফ। এসময় শরিফকে গৃহবন্দী করে রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলেও রাখা হয়। কিন্তু তারপর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ২০০৭ সালে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ ও বেআইনিভাবে জরুরি অবস্থা লাগু করা নিয়ে ২০১৩ সালে মুশারফের বিরুদ্ধে মামলা দায়ের করে তৎকালীন নওয়াজ শরিফ সরকার। তাঁর বিরুদ্ধে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। শুনানি শেষে ২০১৪ সালের মার্চ মাসে তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও পরে সেই সাজা মাফ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ২০১৬ সালে দেশ ছাড়েন প্রাক্তন পাক সেনাপ্রধান।