
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ন্যাশনাল গ্যাস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোম্পানি গ্যাসকো জানিয়েছে, রান্নার গ্যাসে প্রতি সিলিন্ডারে প্রায় ১০ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। পূর্বের মূল্যের তুলনা অনুযায়ী সৌদি আরবে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডার এর দাম ৯.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে আগের চাইতে প্রতি সিলিন্ডারে ১.৬ রিয়াল বেশি প্রদান করতে হবে ক্রেতাকে। বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাস রিফিল করতে ক্রেতাকে ভ্যাটসহ ১৮.৮৫ রিয়াল খরচ করতে হবে এবং এর মধ্যে ডিস্ট্রিবিউশন সেন্টারের পরিবহন খরচ যুক্ত নেই।
আগে সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় প্রতি লিটার গ্যাসের জন্য খরচ হতো ০.৮২৮ রিয়াল। এখন থেকে প্রতি লিটার গ্যাসের মূল্য ০.৯ রিয়াল করে প্রদান করতে হবে। মক্কায় গ্যাস সিলিন্ডার পরিবহনের খরচ ১.১৫ রিয়াল বৃদ্ধি করা হয়েছে, এবং প্রতি সিলিন্ডার গ্যাসের রিফিল মোট ২০ রিয়ালে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে, ইয়ানবুতে প্রতি সিলিন্ডার গ্যাস ২১.৫ রিয়াল করে রিফিল করা হচ্ছে, এমনকি কিছু কিছু স্থানে ২৪ রিয়াল পর্যন্ত খরচ হচ্ছে গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য।