
নিউজ ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধী । দেশটির সম্মিলিত বিরোধী শিবির থেকে তাকে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তবে গোপাল কৃষ্ণ গান্ধী রাজী না হলেও কে হবেন বিরোধীদের সন্মিলিত প্রার্থী সেই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এখনও। ঠিক হয়েছে প্রার্থী বাছাই হবে সর্বসম্মত ভাবেই। আগামী কাল পাওয়ার-আমন্ত্রণে দ্বিতীয় দফার বৈঠকে বসছে বিরোধী দলগুলি। কিন্তু তার আগেই সম্ভাব্য প্রার্থী হিসেবে চর্চা ছিল যাঁকে নিয়ে, সরে দাঁড়ালেন তিনি।
বিরোধী শিবির থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রথমে প্রার্থী হওয়ার আর্জি গিয়েছিল শরদ পওয়ারের কাছে। তিনি গররাজি হওয়ায় প্রস্তাব যায় ফারুখ আবদুল্লাহর এবং গোপালকৃষ্ণ গান্ধীর কাছে। সরে দাঁড়ালেন দুজনেই। আজ সোমবার তিনিও সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন । তবে তাঁর নাম বেছে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধী শিবিরের কাছে। তার সঙ্গেই খোলসা করে বলেছেন কেন আচমকা রাজি হলেন না এই প্রস্তাবে।
গোপালকৃষ্ণ গান্ধী সোমবার বিবৃতিতে জানিয়েছেন, এই জায়গায় তাঁর যাওয়া উচিত যিনি জাতীয় ঐক্যমত এবং জাতীয় পরিবেশ প্রতিষ্ঠা করতে পারবেন। তিনি মনে করেন অন্য কেউ তাঁর থেকে ভালোভাবে এই কাজটি করতে পারবেন। গোপালকৃষ্ণ গান্ধী এর আগে বাংলার রাজ্যপাল ছিলেন। সূত্রের খবর বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গান্ধী সরে দাঁড়ানোয় প্রার্থীপদে নাম উঠে আসছে যশবন্ত সিনহার। আগামীকালের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা।