
আন্তর্জাতিক ডেস্কঃ ফের সন্ত্রাসবাদ ছড়াচ্ছে আফগানিস্তান। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত টানা চার দিন আফগানিস্তানের নানা প্রান্তে প্রতিদিনই ছোট বড় কোনও না কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। গত শনিবার রাজধানী কাবুলের এক অতি জনপ্রিয় গুরুদ্বারে হামলায় মৃত্যু হয়েছিল এক শিখ পুণ্যার্থী-সহ দু’জনের। আজ হামলা হয়েছে পূর্ব নানগড়হর প্রদেশের একটি বাজারে। সেখানে প্রায় শতাধিক মানুষ হতাহত হয়েছে বলে শোনা যাচ্ছে। জাতিসংঘের আফগানিস্তান সংক্রান্ত মিশনের তরফে টুইটারে জানানো হয়েছে, আজকের হামলায় হতাহতের সংখ্যা শতাধিক। যখন ব্যস্ত বাজারে ওই বিস্ফোরণ ঘটে, তখন সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। আফগানিস্তানে কাজ করা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএএমএ এর তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে এই ধরনের সন্ত্রাস বন্ধ হোক। আফগানিস্তানের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হোক’।
তবে আফগানিস্তানের তালিবান সরকার আজ কারও মৃত্যুর খবর নিশ্চিত করে দিতে পারেনি। নানগড়হর প্রদেশের সংবাদমাধ্যম ও তথ্য মন্ত্রকের প্রধান কুরিয়াশি বাদলুন জানাচ্ছেন, তাঁদের কাছে ১০ জনের আহত হওয়ার খবর রয়েছে। তিনি বিস্ফোরণের কথা স্বীকার করলেও, আজকের হামলার নিশানায় কারা ছিলেন, তা-ও স্পষ্ট বলতে পারেননি। জানাগেছে দেশটিতে তালিবানি শাসন পূনঃ প্রতিষ্ঠার পর আফগানিস্তানে গত কয়েক মাসে একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে আইএস। আজকের হামলাতেও সন্দেহের তির তাদের দিকেই। তবে রাত পর্যন্ত তারা হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। যদিও গত বছর অগস্টে তালিবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পরে বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে প্রতি সপ্তাহে হামলার ঘটনা ঘটছে আফগানিস্তান জুড়ে। বিশেষ করে নিশানা করা হচ্ছে এখানে বসবাসকারী সংখ্যালঘুদের।